লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
স্টাফ রিপোর্টার:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে আলী হোসেন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার ভোররাতে সীমান্তের ৮৭৪/৫-এস পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে সীমান্ত এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের সময় বিএসএফের ১৫৬ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের সদস্যরা গুলি চালায়। এতে আলী হোসেন ঘটনাস্থলেই নিহত হন বলে জানা যায়। পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ উদ্ধার করে ভারতের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি বিএসএফের হেফাজতে রয়েছে।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানিয়েছে, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। নিহতের মরদেহ দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনতে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। এদিকে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।