সিলেট-তামাবিল সীমান্ত সড়কে ভারতীয় এয়ারগানের চালান জব্দ
সিলেট ব্যুরো:
সিলেট তামাবিল সীমান্ত সড়কে ভারতের তৈরি এয়ারগানের একটি চালান জব্দ করেছে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে সিলেটের জৈন্তাপুর থানা পুলিশ সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট পরিচালনাকালে পাখিটেকি এলাকার করিচার সেতুর উত্তর পার্শ্বে ভারতের তৈরি ১০টি এয়ারগান জব্দ করে।
সোমবার বিকেলে সিলেট জেলা পুলিশ জানায়, জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পাখিটেকি এলাকার করিচার সেতুর উত্তর পাশে সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসায় জৈন্তাপুর মডেল থানা-পুলিশ। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলযোগে দুই অস্ত্র কারবারি চেকপোস্টের সামনে আসলে গাড়িটি থামাতে সংকেত দেওয়া হয়। থামার সংকেত পেয়ে মোটরসাইকেলসহ একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে কৌশলে দৌড়ে পালিয়ে যায় তারা।
এরপর বস্তা তল্লাশি করে ৪টি ভারতীয় ক্যামো রংয়ের নতুন এয়ারগান , ৬টি কালো রংয়ের নতুন এয়ারগান, তাদের ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।
জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, তল্লাশিকালে ওই অস্ত্র কারবারিরা কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।