কুড়িগ্রামে আজ থেকে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি
আনোয়ার সাঈদ তিতু,
কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রামে ইপিআই কর্মসূচির আওতায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হয়েছে। আজ সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এই কর্মসূচির উদ্বোধন করেন।
কুড়িগ্রাম জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় জেলার ১ হাজার ৮১৫টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ২ লাখ ৭১ হাজার ৬৯৯ শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে। আগামী ১০ মে পর্যন্ত এই কার্যক্রম চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার মোঃ ফজলে রাব্বী, কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস, কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোঃ নুর নেওয়াজ আহমেদ, কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন চিকিৎসক রাফি আবির। কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস জানান, হাম ও রুবেলা রোধকল্পে এই টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে স্বাস্থ্য বিভাগ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং অভিভাবকদের সচেতনতা বাড়াতে হবে।
স্বাস্থ্য বিভাগ জানায়, টিকাদান কমসূচি সফল করতে জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভায় ৩ হাজার ৬২০ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে এবং শিশুদের হাম-রুবেলার ঝুঁকি হ্রাস পাবে।