কুড়িগ্রাম সীমান্তে আটক ২ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ
আনোয়ার সাঈদ তিতু,
কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়ন সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক দুই বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৮ টায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে আটক ব্যক্তিদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
পরে তাদের কচাকাটা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, রোববার (১২ এপ্রিল) রাতে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চৌদ্দঘড়ি এলাকার উত্তর ঝাউকুটি সীমান্তের ১০৩৭ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকায় প্রবেশ করেন দুই বাংলাদেশি। তারা হলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ডুমুরদহ গ্রামের মোঃ আব্দুল গফুরের ছেলে মোঃ সোলেমান সরকার (৩৪) এবং কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার কুমারটারী দক্ষিণ বলদিয়া গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ সোহাগ মিয়া (২৩)।
এ সময় ভারতীয় জনতা ও বিএসএফ তাদের আটক করে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে পথ ভুলে তারা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এ ঘটনায় বিজিবি বিএসএফকে চিঠি পাঠালে তার প্রেক্ষিতে সোমবার রাতে সীমান্তে পতাকা বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকের মাধ্যমে বিএসএফ আটক দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। এ বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক জানান, বর্তমানে আটক দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার লক্ষ্যে কচাকাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস জানান, বিজিবির মাধ্যমে ফেরত আসা দুই বাংলাদেশিকে থানায় সোপর্দ করা হয়েছে।